চবি শহিদ ফরহাদ হোসেন হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

201

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৪’ এর বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহিদ ফরহাদ হোসেন হলের উদ্যোগে হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

চবি শহিদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং হলের আবাসিক শিক্ষক ড. মো. কামরুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন চবি শহিদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষার্থী রাফসান প্রধান, শহীদ ফরহাদ হোসেনের বড় ভাই গোলাম কিবরিয়া এবং শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পিতা শ্রী রতন চন্দ্র তরুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. তৈয়ব চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে একটুও ফিরে আসিনি। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ভুলে গেলে চলবে না। দেশ গড়ার এ সুযোগ আর আসবে না।

উপাচার্য বলেন, সবার আগে শিক্ষা সংস্কার দরকার। মেরুদণ্ডের ব্যথার চিকিৎসা না করে হাতের আঙুলের চিকিৎসা করে কোনো লাভ হবে না। এখনো সুযোগ আছে। সরকারের উচিত শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা। উপাচার্য আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যহীন নিয়োগ দিচ্ছি। দেশের মঙ্গলের জন্য সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। উপাচার্য ন্যায়নীতি প্রতিষ্ঠায় চবি প্রশাসন কাজ করছে বলে মন্তব্য করেন। তিনি সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চবি দক্ষিণ ক্যাম্পাস মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, শহিদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষক, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন অফিস প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement