রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

197

চট্টগ্রামের রাউজানে মো. আলমগীর আলম (৫০) নামে এক যুবদল নেতাকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Advertisement

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার চারাবটল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

নিহত আলমগীর পূর্ব রাউজান চৌধুরী বাড়ির আবদুর রহিমের ছেলে। এলাকায় যুবদলকর্মী হিসেবে তার পরিচিত ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে দৃর্বৃত্তরা তাকে গুলি করে সড়কের পাশে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানাতে পারব।’

এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট এলাকায় একই ধরনের হামলায় নিহত হয়েছিলেন রাউজানের বাসিন্দা বিএনপি কর্মী আব্দুল হাকিম। রাউজানে গত ১৪ মাসে রাজনৈতিক সহিংসতায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement