চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার অঙ্গীকার নিয়ে শাহজালাল হলের আঙ্গিনায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহায়তা ও শাহজালাল হল সংসদের উদ্যোগে হলের অভ্যন্তরে দীর্ঘদিনের জমে থাকা ময়লার স্তূপ অপসারণ এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।
অভিযান চলাকালে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, শাহজালাল হল সংসদের জিএস রায়হান চৌধুরী, এজিএস ইমতিয়াজ জাবেদ এবং সাহিত্য সম্পাদক ইসতিয়াক মজুমদার।
পুরো অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান এবং হল সংসদের সমাজসেবা সম্পাদক মাহমুদুর রহমান তামিম।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং হলের মনোরম পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলসহ পুরো ক্যাম্পাস আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে তারা বদ্ধপরিকর। আগামীতেও এ ধরনের জনহিতকর ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্র নেতৃবৃন্দ।
সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে ক্যাম্পাস আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

















