চবির অবসরপ্রাপ্ত প্রফেসর আফছার আলী এর মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

263

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. আফছার আলী আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৫.১৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Advertisement

গুণী এ শিক্ষকের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

শোক বার্তায় আরও বলা হয়, প্রফেসর মো. আফছার আলী ছিলেন দর্শন বিভাগের অন্যতম গুণী একজন শিক্ষক। তিনি দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেছেন এবং কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন সদালাপী ও সজ্জন। মেধাবী এ শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

উল্লেখ্য, বরেণ্য এ শিক্ষাবিদ এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement