চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (সিইউডিসি)-এর উদ্যোগে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘CUDC Ramadan Meetup ’26’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের অংশগ্রহণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউডিসি’র বর্তমান আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দীন। বাদ মাগরিব আয়োজিত বিশেষ পর্বে তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে নোমান ইবনে মোসলেহ উদ্দীন ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “তর্ক-যুক্তির চর্চাকে আরও বেগবান করতে এবং দক্ষ বিতার্কিক তৈরিতে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকবে।” পাশাপাশি তিনি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে সংগঠনের প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিতার্কিকদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ তৈরি হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সদস্যদের মানসিক বিকাশ এবং সংগঠনের অভ্যন্তরীণ বন্ধনকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে। ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থকভাবে সমাপ্ত হয়।

















