সীতাকুণ্ডের শীতলপুরে আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতি, তিন ডাকাত আটক

313

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটেছে।

Advertisement

সোমবার ভোর সাড়ে ৫ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ কারখানাটিতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফ্যাক্টরির পূর্ব পাশে অতর্কিত হামলা চালায়।

এসময় তিনজনকে আটক করে ফ্যাক্টরীতে কর্মরত আনসার সদস্যরা। আটককৃত হচ্ছে- নোয়াখালীর বেগমগঞ্জ থানার মোঃ শাজাহানের ছেলে মোঃ রাসেল (২৯), সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের মোঃ সিরাজের ছেলে মোঃ জাবেদ (২৭) এবং একই ইউনিয়নের ফুলতলা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ: শরীফুর রহমান (২৮)। ডাকাতদল ফ্যাক্টরির ভেতর থেকে তামা, পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টাকালে দায়িত্বরত আনসার সদস্যরা বাঁধা দিলে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে। এসময় আত্মরক্ষার্থে আনসার সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা ধাওয়া করে ৩ জন ডাকাতকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। বাকি ডাকাতরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

কারখানার ডিজিএম (এইচআর, অ্যাডমিন) ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আটক তিনজনের কাছ থেকে লুট হওয়া কিছু বৈদ্যুতিক কেবল, দেশিয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই কারখানার নিরাপত্তা দল ও আনসার সদস্যরা মিলে পুরো এলাকার নিরাপত্তা বাড়িয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আটকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Advertisement