সীতাকুণ্ডে তিনদিনে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু,পরিবারের অসচেতনতা দায়ী

60

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে হঠাৎ করে পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। গত তিনদিনে এ উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাইফুল ইসলাম ইসবাত নামে তিন বছর ৮ মাস বয়সী এক শিশু মারা যায়। সে কুমিরা ইউনিয়নের গুলআহমদস্থ দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের মোঃ আরিফ হাসান ইলিয়াসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসবাতের পিতা আরিফ নিজেই।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাহাজভাঙ্গা কারখানা ব্যবসায়ী মোঃ সোহেলের মেয়ে আরিজা বিনতে সোহেল নামে তিন বছরের এক কন্যা শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়।

স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশুটি উঠানে খেলছিল। কখন লোকচক্ষুর আড়ালে গিয়ে পুকুরে পড়ে যায় তা কেউ জানে না। দুপুর আড়াইটার দিকে শিশুটির লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে গত ২৪ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকার রেললাইন সংলগ্ন কলোনিতে মো. মাসুদ এর ৪ বছর বয়সী ছেলে আবদুল্লাহ ও আব্দুল মালেকের ৯ বছর বয়সী কন্যা সীমা আক্তার পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে গোসল করতে পুকুরে নেমে ডুবে যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, বিগত তিনদিনে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও বাঁশবাড়িয়ায় পানিতে ডুবে ৪ জন শিশুর অকাল মৃত্যু ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। অভিভাবককে এই অপমৃত্যু রোধ করতে আরও সচেতন হওয়া দরকার। বিশেষ করে বসত বাড়ির আশে পাশে যেন তারা একাকী খেলতে না যায় যেখানে জলাশয় আছে। তাছাড়া জলাশয়গুলি চারদিক থেকে বেড়া দিয়ে রাখলে তারা সহজে যেতে পারেনা। সম্ভব হলে ৫- ৬ বছরে সাঁতার শিখানো যেতে পারে।

Advertisement