চট্টগ্রামের মিরসরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্ল্যার লাশ দাফনে করের হাট ইউনিয়নের জোয়ার গ্রামের কতিপয় চিহ্নিত ব্যক্তি কর্তৃক বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট, মিরসরাই থানা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (৬ আগস্ট) দেয়া প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মিরসরাই থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল,সদস্য সচিব মোঃ কামরুল হুদা পাভেল।
বিবৃতিতে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশ। অথচ এদেশে করোনায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্ল্যাহকে তাঁর নিজ গ্রাম জোয়ারায় নিয়ে যাওয়ার পর দেশ বিরোধী কতিপয় ব্যক্তি রাস্ট্রীয় মর্যাদায় দাফন করতে দেয়নি। একজন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করার পর রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান রাস্ট্রীয় আইন। শোকের মাসে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে এ ধরণের ঘৃণ্য রাজনীতি পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে। তারা স্বাধীন দেশে থেকে রাজাকার-আলবদরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যারা এঘটনায় জডিত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান তিনি। অন্যথায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তন কমান্ডের পক্ষ থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।















