আনোয়ারার চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র সরেজমিন পরিদর্শন

36

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় সিইউএফএল সড়কে জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) টানা ভারী বৃষ্টির পর চৌমুহনী এলাকার সড়কের একটি অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং পথচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জলাবদ্ধতার কারণ, ক্ষয়ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশে ভেকুর মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়।

পরিদর্শনকালে ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, “অপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে সমস্যা না হয়। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, চৌমুহনী বাজারের ইজারাদার মো. জাগিরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই চাতরী চৌমুহনী এলাকায় সড়কে পানি জমে যায়। দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।

Advertisement