বিআইটিআইডিতে ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা’ দিবস উদযাপন

বহু রোগ হাত ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে: পরিচালক

11

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর উদ্যোগে আজ ৫ মে মঙ্গলবার ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস’ উদযাপন করা হয়েছে।

Advertisement

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘কর্ম জীবন বাঁচায়’। এ উপলক্ষে সকালে র‌্যালি, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের বহিঃবিভাগ ও অন্তঃবিভাগে আগত রোগী এবং এ্যাটেনডেন্টদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা সম্পর্কে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। বিআইটিআইডিতে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রনব কুমার বড়ুয়া, ডা. তাবাস্সুম ফেরদৌসী ও ডা. ইশরাত জাহান ‘বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস’ বিষয়ে আলোচনা করেন।

সভায় সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা. ইফতেখার আহমদ বলেন, বহু রোগ আমাদের হাত ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। আমাদের হাত প্রতিদিন লক্ষ লক্ষ জীবাণুর সংস্পর্শে আসে। প্রতিদিন আমরা অস্বাস্থ্যকর ও নোংরা জিনিষ স্পর্শ করি। সে জিনিষগুলো স্পর্শ করার পর যদি আমরা হাত না ধুই তাহলে খাবার ও পানীয়ের মাধ্যমে জীবাণু সহজেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। সঠিকভাবে হাত পরিস্কার রাখার মাধ্যমে আমরা অনেক সংক্রামক রোগের প্রার্দুভাব থেকে রক্ষার পেতে পারি। পাশাপাশি সুস্থ থেকে কর্মক্ষমতা বৃদ্ধি করতে পারি। এ ব্যাপারে জনসচেতনতার কোন বিকল্প নেই। সময়মতো ও সঠিকভাবে হ্ত ধূলে অনুজীবের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো যায় এবং রোগীর সুরক্ষা বৃদ্ধিতে সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থার ভূমিকাকেও জোরদার করে। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে ব্যক্তিকে সুরক্ষিত রাখার পাশাপাশি জীবন বাঁচানো সম্ভব।

Advertisement