সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মাথায় ফিড ভর্তি বস্তা পড়ে মো. ইউসুফ (৬৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার বারআউলিয়ায় পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রভিটা ফিড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি ৬-৭ বছর ধরে প্রভিটা ফিড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বারআউলিয়া এলাকায় অবস্থিত মো. নুরনবীর মালিকানাধীন পোল্ট্রি, মাছ এবং গবাদি পশুর খাদ্য উৎপাদন কারখানা প্রভিটা ফিড এ সনাতন পদ্ধতিতে হাতে ও মাথায় পশু খাদ্য ভর্তি অত্যন্ত ভারি বস্তা বহন করে ট্রাকে তোলার সময় একটি বস্তা শরীরের উপর পড়ে গুরুতর আহত হন মো. ইউসুফ নামের এক বৃদ্ধ শ্রমিক। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন সব কলকারখানায় ভারি কিছু বহনে ক্রেনসহ নানান যন্ত্র ব্যবহার হয়। ফলে সেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকে না। কিন্তু এ কারখানায় এখনো সনাতনী পদ্ধতিতে হাতে ও মাথায় করে ভারি বস্তা লোড আনলোড করে শ্রমিকরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
















