সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুন্ডে গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনাতে বসাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে গুলিয়াখালী বীচ এলাকায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
রোববার বিকাল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করেন।
এর আগে সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গুলিয়াখালী বীচ এলাকা থেকে অবৈধ দোকান সরিয়ে নিতে মাইকিং করা হয়।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আসা পর্যটকদের উপর হামলা করে এখানকার ব্যবসায়ীরা। হামলায় ১২ জন পর্যটক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুন্ড মডেল থানার (ওসি) মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আলমগীরসহ শতাধিক পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, গুলিয়াখালী বীচ সরকারী সম্পত্তি। এখানে যে দোকানগুলো রয়েছে তা অবৈধ। সরকারি জায়গা উদ্ধারের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম।
পর্যটকের উপর হামলা বিষয়ে ওসি মহিনুল ইসলাম বলেন, পর্যকটের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় কালাম ও সুমন নামক দুইজনকে আটক করা হয়েছে।
















