চট্টগ্রামের ফ্যাশন ও বিনোদন অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (CFVA)”।
শনিবার বিকেলে নগরীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বারকোড ফুড জংশনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হয় এই আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড শোর ট্রফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস গ্রুপের ডিরেক্টর ও প্রেম’স কালেকশনের চেয়ারম্যান আমানুল্লাহ আল সগীর ছট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারকোড ফুড জংশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল আলম।
চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ডের আয়োজক হিসেবে রয়েছেন সিএফভিএ চেয়ারম্যান মোঃ রিয়াজ হোসেন এবং সিইও শাহরিয়ার স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তারা জানান, চট্টগ্রামের মডেল, ফ্যাশন ব্যক্তিত্ব, নারী উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর ও প্রতিভাবান ফিল্ম আর্টিস্টদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের সৃজনশীল প্রতিভাগুলো আরও বিকশিত হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপিকা আলফি শাহরীন সাবরি, সিএফভিএ অর্গানাইজার টিমের মারজিয়া আঁখি, জান্নাতুল সাইফা, তারমিন ইসলাম ও তাসনিয়া হারুণ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফ্যাশন, মিডিয়া ও উদ্যোক্তা অঙ্গনের বহু পরিচিত মুখ। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার সালেহ রবি জন, জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধুরী, নারী উদ্যোক্তা জুহি চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটার মিথিলা, সী গ্রুপের এডমিন প্রমি দে সহ বিভিন্ন ইভেন্ট অর্গানাইজার, ব্র্যান্ড প্রোমোটর ও কনটেন্ট ক্রিয়েটররা।
এছাড়াও ঢাকা থেকে আগত বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর সিইও শাহরিয়ার স্বপন এবং প্রতিষ্ঠানটির টিম মেম্বার মনিকা, আরিফ ও আকিব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, খুব শিগগিরই চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের এক ব্যতিক্রমধর্মী অ্যাওয়ার্ড শো, যা ফ্যাশন, গ্ল্যামার ও বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করবে বলে তারা প্রত্যাশা করছেন।
















