বেশি দামে আদা বিক্রি: খুলশীর সুপার শপ ‘বাস্কেট’ ও কর্ণফুলী কমপ্লেক্সে জরিমানা

জেলা প্রশাসনের ‘ফেস্টিভ সেল’: ২ সুপারশপ ও দোকানে জরিমানা

26

“দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের”—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে ‘Festive Sale’ (ফেস্টিভ সেল)। জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগকে সফল করতে এবং পণ্যের মূল্যহ্রাস নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে টাস্কফোর্স ও মোবাইল কোর্ট অভিযান শুরু হয়েছে।

Advertisement

সোমবার (২৫ মে) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মহানগরীর কর্ণফুলী কমপ্লেক্স এবং খুলশী এলাকার বিভিন্ন সুপার শপে এই অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কাট্টলী সার্কেল) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতেই বাজারটিতে জেলা প্রশাসনের সচেতনতামূলক ব্যানার টানানো হয়। এরপর খুচরা দোকানগুলোর মূল্য তালিকা যাচাই করার সময়, তালিকা অনুযায়ী প্রতিশ্রুত সেবা না দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত খুলশী এলাকার জনপ্রিয় সুপার শপ ‘বাস্কেট’ ও ‘স্বপ্ন’–এ অভিযান পরিচালনা করে। এর মধ্যে আদার দাম বেশি রাখার দায়ে ‘বাস্কেট’ সুপার শপকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, “পবিত্র ঈদুল আজহায় সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

আজকের অভিযানে খুলশী থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Advertisement