সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার গরু কিনে আর বাড়ি ফেরা হলো না মোঃ নাছির উদ্দীনের। ঘাতক কাভার্ডভ্যান কেড়ে নিলো তার প্রাণ। সীতাকুণ্ড উপজেলার পাকা রাস্তার মাথা এলাকায় ড্রিম স্টিল রি রোলিং মিলস মাঠের পশুর হাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান নাছির উদ্দীন (৪৫)।
সোমবার রাত ৯টার সময় উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের পাইলন ইন্ডাস্ট্রিজের সামনে মহাসড়কে এঘটনা ঘটে।
নিহত যুবক ওভারব্রিজ ফকিরহাট এলাকার পশ্চিমে কালাগাজির বাড়ির জামাল উদ্দিনের ছেলে এবং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ লোকমান হাকিম বলেন, হাট থেকে গরু কিনে নিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন নাছির। পিছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে চমক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাছির ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। এ ঘটনায় সাথে থাকা আরো দুইজন আহত হন। ঘাতক কাভার্ডভ্যানটি দ্রত পালিয়ে যায়।

















