চট্টলা নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি।
রোববার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে যাওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে তিনি হাতে আঘাত পান এবং তাঁর সঙ্গে থাকা আরও দুজন আহত হন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার পর নেতাকর্মীরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের কথা জানায়।
এনসিপির দেওয়া বিবৃতিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর এ ধরনের হামলা এটাই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া গত জুলাইয়ে ফরিদপুরে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হামলার সময় নাসীরুদ্দীন পাটোয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করে।
এর কয়েক দিন পর সিলেটে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশ্যে এলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে। এনসিপির মতে, এসব ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য থাকায় নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে।
দলটি বলছে, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তার জবাব হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এনসিপি দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নাগরিকদের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর সংঘটিত প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

















