“তরুণ জাগলে দেশ জাগে, শ্লোগানে সীতাকুণ্ডে জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত”

44

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রান্তিক যুবদের নাগরিক নেতৃত্বে সম্পৃক্ত করার লক্ষ্যে “জাগরণ” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের মরহুম মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের উন্নয়ন সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) প্রকল্পটি বাস্তবায়ন করছে। সহযোগী সংস্থা হিসেবে রয়েছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এবং অগ্রগতি সংস্থা।

“জাগরণ” প্রকল্পের মূল লক্ষ্য হলো নাগরিক সচেতনতা, নেতৃত্ব ও সম্পৃক্ততার মাধ্যমে প্রান্তিক যুবদের অন্তর্ভুক্তিমূলক ও অধিকার ভিত্তিক স্থানীয় উন্নয়নে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা। প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড, সীতাকুণ্ডের পৌরসভাসহ ৮টি ইউনিয়ন এবং মীরসরাই এর দুটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নজুড়ে বিস্তৃত। প্রকল্পের আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৪,৩৮৫ জন সরাসরি এবং ১০,১৫০ জন পরোক্ষ সুবিধাভোগীকে সম্পৃক্ত করা হবে, যার মধ্যে ৫০ শতাংশ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর যুব।

ইপসা এবং ম্যানেজারিয়াল ফোকাল, ইপসা-জাগরণ প্রকল্পের পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। ইপসার ম্যানেজার (গবেষণা, এমঅ্যান্ডই) ড. মোরশেদ হোসেন মোল্লা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রকল্পের মূল উপস্থাপনা করেন জাগরণ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ আচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হান্নান আলম, বিওয়াইএলসি’র আঞ্চলিক ব্যবস্থাপক আলী আশরাফ।

উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সনজয় চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সচিব, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

মূল কার্যক্রমের মধ্যে রয়েছে ৩০টি যুব দল গঠন, নেতৃত্ব ও নাগরিক সম্পৃক্ততা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ, পিয়ার-লেড সেশন, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটিতে (ইউডিসিসি) যুবদের অংশগ্রহণ, আন্তঃপ্রজন্মীয় সংলাপ, কমিউনিটি রেডিও ও টক শো এবং অনলাইন ক্যাম্পেইন। প্রকল্পটি এসডিজি ৪, ৭, ১৬ ও ১৭-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

প্রধান অতিথি মো. ফখরুল ইসলাম বলেন, এটি একটি সময়োপযোগী প্রকল্প যা যুবদের নাগরিক জ্ঞানে সমৃদ্ধ করবে এবং সরকারের বিভিন্ন সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

Advertisement