পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন সিটি কর্পোরেশন মহিলা কলেজের শিক্ষানুরাগী সদস্য গাজী মোহাম্মদ আইয়ুব খাঁন বলেছেন, স্কুল ও কলেজ জীবনের শিক্ষাই ভবিষ্যতের ভিত্তি। ভবিষ্যতের যেকোনো ভূমিকায় ভালো মানুষ না হলে সে অর্জনের কোনো মূল্য নেই। তাই ভালো মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে। ক্যারিয়ার যাই হোক ভালো মানুষ হওয়াই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত। একজন ভালো মানুষ হিসেবে আমরা যদি সমাজকে আলোকিত করতে পারি, সেটাই হবে আমাদের জন্য মূখ্য।
তিনি সোমবার (২২ জুন) দুপুরে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, একজন শিক্ষার্থী তার শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি নার্সিং করা স্যার ম্যাডামদের ভুলে গেলে চলবে না। শিকড়কে মনে রাখতে হবে, তবেই শিক্ষা সার্থক হবে।
শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন এবং যারা পুরস্কার পায়নি তাদের আগামীতে ভালো করার প্রত্যয় নেওয়ার আহ্বান জানান।
কলেজ অধ্যক্ষ জারেকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য সৈয়দ মোহাম্মদ ফজলুল বারী, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী, পাঁচলাইশ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হক, পাঁচলাইশ সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, অধ্যাপক রাজীব কান্তি পাল, শিক্ষক ও কবি লায়ন মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যাপক শিবু দাশ ও ফারহানা আজিজ।

















