ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ধার্মিকতা জাতিকে উন্নত করে। ধর্ম শান্তির বার্তা দেয় জাতিকে। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই এদেশেরই নাগরিক।
তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত সামাজিক ও ধর্মীয় সংগঠন পূজায়ন এর ৪র্থ বর্ষপূর্তি ও সনাতনী গীতা পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম ০৯ আসনের সাংসদ আবু সুফিয়ান বলেন, আমরা সবসময় সনাতনী সম্প্রদায়ের পাশে আছি। সামনে রথযাত্রা মহোৎসবে কেন্দ্র থেকে বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে সার্বিকভাবে সনাতনী সম্প্রদায়ের এই উৎসব সফল করার জন্য।
সংগঠনের সভাপতি তুর্জয় দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল দে এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল, বক্তব্য রাখেন সংগঠনর সদস্য অরুপ রতন চক্রবর্তী, আশুতোষ দে, ঝন্টু চৌধুরী, প্রদীপ চক্রবর্তী, প্রবাল চক্রবর্তী, ডা. অনির্বাণ ঘোষ, বরুন হাজারী, ডা. অপূর্ব ধর, রুপন চক্রবর্তী, লিটন দাশগুপ্ত প্রমুখ।

















