চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক রাইয়ান হোছাইন রাফি’র ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে ঘরে ঘরে গিয়ে দুস্থ ও অসহায় মানুষের হাতে এই খাবার তুলে দেওয়া হয়।
উদ্যোক্তা রাইয়ান হোছাইন রাফি জানান, বন্যার কারণে বাঁশখালীর বহু মানুষ চরম খাদ্য সংকটে পড়েছেন। বিশেষ করে চুলা ও রান্নার সামগ্রী পানিতে ভেসে যাওয়ায় অনেকেই রান্না করতে পারছেন না। এই মানবিক বিপর্যয় মোকাবিলায় ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে তিনি এই উদ্যোগ নিয়েছেন। বিপদের এই সময়ে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় দুর্গত বাসিন্দারা। তারা জানান, সংকটের এই মুহূর্তে রান্না করা খাবার পেয়ে তাদের অনেক উপকার হয়েছে। জাতীয় ছাত্রশক্তির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

















