সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীনের বিরুদ্ধে অর্ধকোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির অভ্যন্তরীণ অডিটে এই অনিয়ম ধরা পড়ে। স্কুল এন্ড কলেজের ৭ বছরের (২০১৮-২০২৪) সাল অডিট রিপোর্ট এর আয়-ব্যয়ে রয়েছে ৪৫ লক্ষ ৯৮ হাজার,৭শত ৬৩ টাকার ঘাটতি রয়েছে।
এছাড়া অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন নিজের সেচ্চাচারীতায় স্কুলে গড়ে তোলেছেন হাসঁ-মুরগী এবং ছাগলের খামার। এছাড়া দীর্ঘদিন যাবত সহকারী প্রধান শিক্ষকের পদটি খালি রেখেছেন। এসব নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান জাতি গঠনের অন্যতম ভিত্তি। সেখানে এতটা আর্থিক অনিয়ম, হিসাব সংরক্ষণে অসঙ্গতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অভিযোগ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের আস্থাও নষ্ট করে। তাই অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং তদন্তে যাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে গণসাক্ষর অনুষ্ঠিত হয়।
এটি এক সপ্তাহ পর চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে জমা দেওয়া হবে বলে জানান মানববন্ধন আয়োজকরা।

















