টেম্পোর সঙ্গে ঘর্ষণে পর্যটক এক্সপ্রেসের ৬ দরজা ক্ষতিগ্রস্ত, আহত ২

35

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ঘর্ষণে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। ভেঙে গেছে টেম্পোটির কিছু অংশও।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বোয়ালখালী অতিক্রম করার সময় রেললাইন ঘেঁষে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ট্রেনটির ঘর্ষণ হয়। এতে টেম্পোটির কিছু অংশ ভেঙে যায়। একইসঙ্গে ট্রেনটির কয়েকটি দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দরজা খুলে পড়ে।

রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম বলেন, রেললাইন ঘেঁষে গাড়ি পার্ক করে রাখার কারণে এখানে বারবার দুর্ঘটনা ঘটছে। টেম্পোর সঙ্গে ঘর্ষণে ট্রেনের বেশ কয়েকটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলে পড়া দরজাটি উদ্ধার করে গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ঘর্ষণের ঘটনায় ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি (চট্টমেট্রো ফ-১১-০৪১৬) এবং ট্রেন থেকে খুলে পড়া দরজাটি হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে সূত্র জানায়, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে ট্রেনটি গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত দুই দিনেও একই স্থানে রেললাইনের পাশে পার্ক করে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে যায়। এরপরও রেললাইন ঘেঁষে যানবাহন পার্কিং বন্ধ হয়নি।

Advertisement