সীতাকুণ্ডে একদিনে দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

37

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একদিনে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার বারআউলিয়া এবং সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় চেয়ারম্যান বাড়ি সংলগ্ন জেলেপাড়ায় সঞ্জিতা জলদাশ (১৬) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই বাড়ির সন্তোষ জলদাসের কন্যা।

বিষয়টি নিশ্চিত করে জেলেপাড়ার সর্দার ধনবাসী জলদাশ বলেন, সঞ্জিতা দাশ কুমিরা লতিফ সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। মায়ের সাথে রাগ করে গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে একই দিন সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর বটতল এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রোজেন হোসেন সিয়াম (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। সিয়াম ওই এলাকায় মা-বাবার সাথে বসবাস করলেও তার প্রকৃত গ্রামের বাড়ি বরিশাল জেলায়। সে ওই জেলার বাসিন্দা মোহাম্মদ আলমগীর ফরাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির কারণে সে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ তার রুম থেকে একটি চিরকুট উদ্ধার করে। তাতে লিখা ছিল, ” তোমরা আমারে মাফ করে দিও। এছাড়া আমার উপায় নাই”।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর ইসলাম দুইটি আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বার আউলিয়ায় একটি মেয়ে এবং পৌরসভার ইয়াকুব নগর এলাকায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement