সীতাকুণ্ড প্রতিনিধি: মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ ও ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক ও এর সহযোগীদের দৌরাত্ম্য এবং এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলের কেশবপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, আমরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করেছি। কিছুদিন আগে এলাকায় মাদক বিরোধী সমাবেশ করেছি। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর থেকে কয়েকজন মাদক ব্যাবসায়ী এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। মাদকের কারণে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মাদকবন্ধনে বক্তব্য রাখেন মো: আলমগীর সর্দার, মোঃ হোসেনুজ্জামান, মোঃ নুরুলহুদা, সুজন, আহসান হাবীবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

















