চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এইচ. কে. সি উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি পদে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান।
আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য উম্মে কুলসুম, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ সফিকুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তারা নতুন কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।
এদিকে মো. জিয়াউর রহমান সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁর যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

















