চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে মো. জামাল উদ্দিন জিকু (২৭) নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায় গাজী সারোয়ার শ্রাবন (৩২) ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি। তাঁরা একটি সাদা রঙের প্রাইভেটকারে করে এসে এ ঘটনা ঘটান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় ২১ অক্টোবর মামলা নম্বর ৩৫, দণ্ডবিধির ৩৮২ ধারায় মামলা করা হয়।
মামলার তদন্ত ও অভিযানের অংশ হিসেবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) বাহার মিয়ার সমন্বয়ে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ২৩ অক্টোবর রাত ১টা ১০ মিনিটে নগরের পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর রোডের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের দখল ও হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক (SUZUKI GIXER FI DISC) মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

















