সাতকানিয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর: মামলা দায়ের, গ্রেফতার ৪

37

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধায় উপজেলার কেরানীহাটের উত্তর পাশে পাঠানীপুল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন এবং একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন।

​সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতকানিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়। পথিমধ্যে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একই সময়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যাওয়ার চেষ্টা করলে তাদেরকেও বাধা দেওয়া হয়।

​এ ঘটনায় সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা প্রদান, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

​মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, “পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement