সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় তাহফিযুল কুরআন রিসার্চ সেন্টার এর ব্যবস্থাপনায় দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ছদাহা ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আফজল নগর এস.ডি.এফ দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাতবাড়িয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ আব্দুল হালিম রশীদী (ম.জি.আ.)।
অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পতেঙ্গা ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, ছৈয়দাবাদ দুদফকির আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদ কাদেরী এবং আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা মুর্শিদুল আলম। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ আবু জাফর শাকিল।
সকাল থেকে চারটি ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র কুরআনের আলোয় সমাজকে আলোকিত করতে এবং কোমলমতি শিশুদের হৃদয়ে কুরআনের ভালোবাসা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী।তারা হিফজুল কুরআন প্রতিযোগিতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

















