পত্রিকা বিক্রেতার মেয়ে ফাহমিদার চমক

1

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড হাইস্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহমিদা এবছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। তার এই অসাধারণ সাফল্য পুরো এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।

Advertisement

বাড়বকুন্ড হাইস্কুল এন্ড কলেজ সূত্রে জানা গেছে, এবছর বিজ্ঞান বিভাগ থেকে যে ক’জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তাদের মধ্যে ফাহমিদার অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বাবা সীতাকুণ্ডের স্থানীয় বাজারগুলোতে পত্রিকা বিক্রি করে সংসার চালান। দীর্ঘ অভাবের সাথে যুদ্ধ করে তিনি মেয়েকে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়েছেন।

ফাহমিদার বাবা জানান, “আমার খুব আনন্দ লাগছে। আমি সারাদিন পত্রিকা বিক্রি করেছি শুধু মেয়ের পড়ালেখার খরচ যোগাতে। সে আমার স্বপ্ন ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করেছে, আমি তার জন্য দোয়া করি।

ফাহমিদা তার সাফল্যের কৃতিত্ব তার বাবাকে দিয়ে বলে, “এই সাফল্য আমার নয়, আমার বাবার কঠোর পরিশ্রমের ফল। আমার বাবা পত্রিকা বিক্রি করে আমার জন্য সব ব্যবস্থা করেছেন। আমি ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই। এটিই আমার পরবর্তী লক্ষ্য।

বাড়বকুন্ড হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জানান, “ফাহমিদা খুবই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্য আমাদের সবার জন্য গর্বের। আমরা আশা করি সে তার স্বপ্ন পূরণে সফল হবে এবং দেশের সেবা করবে।”

ফাহমিদার এই অদম্য ইচ্ছাশক্তি এবং সাফল্য সমাজের জন্য এক অনুকরণীয় উদাহরণ। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা।

Advertisement