বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

1

সরকারি উদ্যোগে ‘শূন্য অভিবাসন ব্যয়ে’ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান।
বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন- এই আশা করি।”

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

Advertisement