তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল উপহার দেবে সরকার, চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

31

চট্টলা নিউজ ডেস্ক: দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে দিনের দাপ্তরিক কার্যক্রম শুরুর আগে বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা তাঁর সামনে উপস্থাপন করা হয়।

এ সময় বাইসাইকেলগুলোর গঠনগত মান, টেকসই ক্ষমতা ও ব্যবহারিক সুবিধা পরখ করেন প্রধানমন্ত্রী।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মোট তিন লাখ বাইসাইকেল বিতরণ করা হবে। প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রী একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইসাইকেল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement