এসএসসি ২০০০ ব্যাচ ও এইচএসসি ২০০২ ব্যাচ’র ফেসবুক ভিত্তিক গ্রুপ চট্টগ্রাম ডিভিশনের দ্বিতীয় মিলনমেলা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয় নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র সী ওয়ার্ল্ডে।

এদিন সূর্য উদয়ের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রুপের বন্ধুরা আসতে শুরু করে ফয়সলেক রিসোর্ট এর প্রবেশ মুখের সম্মুখের রেজিষ্ট্রেশন বুথ এ। এখানে বন্ধুদের টি-শার্ট এবং সুভেনির প্রদান করা করা হয়। এরপর কনকর্ডের রিচ ব্যান্ড পরে ফয়সলেকে প্রবেশ করা শুরু করে অনুষ্ঠানে আগত বন্ধু এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ।

ফয়সলেক এর লেকের পাড়ে অবস্থিত লেক ডাইন রেস্টুরেন্ট সকলকে সকালের নাস্তা প্রদান করা হয়। এরপর একেএকে সবাই ইঞ্জিন চালিত নৌকা যোগে অনুষ্ঠানের কেন্দ্রস্থল সী ওয়ার্ল্ডে প্রবেশ করে।
সী ওয়ার্ল্ডে বিশাল প্যান্ডেলে সবার বসার ব্যবস্থা করা হয় এবং পবিত্র কোরআন তেলওয়াত ও সবার সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূর পর্ব শুরু হয়।

অঞ্চল ভিত্তিক বন্ধুদের পরিচিতি এবং ফটোসেশনে সবাই আনন্দের সাথে অংশ গ্রহণ করে। সী ওয়ার্ল্ডের সকল রাইড এদিন বন্ধুদের জন্য ফ্রি ছিল। যে যার ইচ্ছামত রাইডগুলোতে মজা করেছে। বেশীরভাগ বন্ধুই ব্যস্ত ছিল দূর দূরান্তের বন্ধুদের সাথে ছবি তোলায়।
জুমআর নামাজের বিরতির পর রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা হয়। বন্ধুরা সুশৃঙ্খলভাবে সেখানে খাবার গ্রহণ করে। খাবারের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্য মেজবানের গোশত এবং সাগরের কোরাল মাছ।

খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে মূল দায়িত্বে ছিল তরুনদের নিয়ে গড়া চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড জলরং। প্রথমে গ্রুপের বন্ধুরা গান পরিবেশন করে। এরপর জলরংয়ের সদস্য আদরের বাঁশির সুরের মূর্ছনায় সবার হৃদয় ছুঁয়ে যায়। একে একে জলরংয়ের বেশ কয়েকজন সদস্য গান পরিবেশন করে। বিকেলে মঞ্চ মাতান চট্টগ্রামের জনপ্রিয় কন্ঠশিল্পী মৌসুমী।

সূর্যাস্তের পূর্বে বন্ধুদের নাস্তা এবং চা পরিবেশন করা হয়। সন্ধ্যায় সবার জন্য বেলপুরির ব্যবস্থা ছিল।
মাগরিবের নামাজের বিরতির পর আলমডাঙ্গার বন্ধুরা কৌতুক পরিবেশন করে। তারপর ব্যাচ’র সদস্য জেমস খ্যাত আদনান আসিফ জেমস এর বাংলাদেশ গান দিয়ে শুরু করে তার জনপ্রিয় বেশকিছু গান পরিবেশন করেন। বন্ধুরা মনোমুগ্ধ হয়ে তার গান উপভোগ করে। আদনান নিজের লেখা এবং সুরকরা জনপ্রিয় গান দেবী গেয়ে মঞ্চ ত্যাগ করেন।

সবশেষে মঞ্চ মাতান চট্টগ্রামের আরেকজন জনপ্রিয় শিল্পী আনিকা।
অনুষ্ঠানে চাঁদপুর, কুমিল্লা, গাজীপুর, ঢাকা, খাগড়াছড়ি, সিলেট, লক্ষ্মীপুর, কক্সবাজার, চুয়াডাঙ্গা, মিরসরাই সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার শতাধিক বন্ধু তাদের পরিবার নিয়ে অংশ গ্রহণ করেন।

গ্রুপের এডমিন, মডারেটর এবং আয়োজক কমিটি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো সুন্দর করে পরবর্তী মিলনমেলা করার অঙ্গীকার করেন।
















