দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২০ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ। তিনি বলেন, সম্পদের বিবরণী দাখিল না করায় দুদকের করা মামলায় মুফতি ইজাহারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড।
আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ ইস্যু করা হয়। তা গ্রহণ না করায় একই বছরের ৭ জুলাই দুদকের কর্মকর্তারা লালখান বাজার মাদ্রাসায় গিয়ে নোটিশ ঝুলিয়ে দেন। এরপরও বিবরণী না দেওয়ায় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।
















