পানির মূল্য বৃদ্ধি গ্রাহকের পাশাপাশি শিল্প উৎপাদনে প্রভাব ফেলতে পারেঃ সুজন

230

পানির মূল্য বৃদ্ধি গ্রাহকের পাশাপাশি শিল্প উৎপাদনে প্রভাব ফেলতে পারে বলে মত প্রকাশ করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন

Advertisement

গ্রাহকদের বিভিন্ন অভিযোগ নিয়ে আজ রবিবার (২১ আগস্ট) সকালে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র সাথে তাঁর দফতরে মতবিনিময় করতে গিয়ে এ অনুরোধ জানান সুজন।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার পর থেকে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামের জনগনের কাছে সুপেয় পানি পৌঁছে দিতে হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান করেছেন। নতুন নতুন পানি শোধনাগার প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে নগরবাসীর কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয় চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু এলাকা এখনও ওয়াসার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে নোংরা, ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, গ্রাহক হয়রানি, অপর্যাপ্ত পানি সরবরাহ, লাইন আছে পানি নেই এবং বিল নিয়েই গ্রাহকের প্রায়শই অভিযোগ। এসব অভিযোগের পরেও দীর্ঘদিন ধরে ওয়াসার বিল পরিশোধ করে আসছেন ভুক্তভোগী গ্রাহকগণ। তারপরও গ্রাহকদের এসব অভিযোগ নিস্পত্তি হয় না বছরের পর বছর। এতে করে ওয়াসার প্রতি নগরবাসীর নেতিবাচক ধারনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সরকার নগরবাসীকে সুপেয় পানি প্রদানের লক্ষে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছেন। তারপরও গ্রাহকগণ কাংখিত সেবা না পাওয়া অত্যন্ত দুঃখজনক। এর ফলে মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল উন্নয়ন কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সুজন ওয়াসার এমডিকে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখার আহবান জানিয়ে বলেন বিভিন্ন মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতে জনগন অস্বস্তিতে আছেন। এ অবস্থায় ওয়াসার পানির মূল্য বৃদ্ধি গ্রাহকের পাশাপাশি শিল্প উৎপাদনে প্রভাব ফেলতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি। বিশেষ করে তৈরী পোশাক শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। সবকিছু বিবেচনা করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার অনুরোধ জানান তিনি। পরবর্তীতে ওয়াসার গ্রাহকদের অভিযোগ সম্বলিত একখানা কপি ওয়াসার এমডি’র নিকট হস্তান্তর করেন তিনি। প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে গ্রাহক ভোগান্তি নিরসনের দাবী জানান খোরশেদ আলম সুজন।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ আন্তরিকতার সাথে সুজনের বক্তব্য শুনেন। তিনি গ্রাহকদের অভিযোগের গুরুত্ব উপলব্দি করে সমস্যাগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ করতে বাস্তবিক অর্থে কাজ করছে ওয়াসা। গ্রাহকদের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিনি বলেন গ্রাহক ভোগান্তি নিরসনে কাজ করছেন ওয়াসার প্রকৌশলীগণ। চলমান কাজগুলো সম্পন্ন হলে গ্রাহক ভোগান্তি অনেকাংশে কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওয়াসার পানির মূল্য বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। নাগরিক উদ্যোগ দীর্ঘদিন ধরে নগরবাসীর ভোগান্তি নিরসনে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ওয়াসা এমডি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড এন্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, ওয়াসার নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান, সদস্য সচিব হাজী মো. হোসেন, অনির্বান দাশ বাবু, সাহেদ বশর, সমীর মহাজন লিটন, শহীদুল আলম লিটন, ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এনায়েত উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মো. বেলাল, এসকান্দর মিয়া, রেজোয়ান হোসেন দুলাল, আনোয়ার হোসেন চৌধুরী, শাহনেওয়াজ আশরাফী, মনির হোসেন, মোহাম্মদ হারুন, ফয়সাল বাদশা প্রমূখ।

Advertisement