জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা আবার সক্রিয় হচ্ছে, এদের বিরুদ্ধে সজাগ হওয়ার উদাত্ত আহবান জানিয়েছেন হযরত শাহ্ছুফী মঈনুদ্দীন শাহ্ (রঃ) দাখিল মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
আজ রবিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সকলের প্রতি উক্ত আহবান জানান তিনি।
এ সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্য নিয়েই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। যার মাধ্যমে সারা দেশব্যাপী ইসলামের আদর্শ ও জ্ঞাণ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন বঙ্গবন্ধু। কিন্তু দুঃখের বিষয় সে উদ্যোগ পরিপূর্ণ বাস্তবায়নের আগেই তাঁকে ষড়যন্ত্রকারীদের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে যা ইতিহাসের একটি বিয়োগান্ত ঘটনা। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের শিক্ষা ও প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখে চলছেন। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারার শিক্ষার সাথে সংযুক্ত করার সম্পূর্ণ অবদান মাননীয় প্রধানমন্ত্রীর। এখন মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে মূল ধারার শিক্ষার সাথে সংযুক্ত করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে বাস্তবমূখী করে উপস্থাপন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাও এখন অন্যান্য শিক্ষার সাথে সমানতালে এগিয়ে চলছে।
কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্যি যে যারা ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সৃষ্ঠি করেছে এখন তারাই বর্তমানে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের গুজবে কান দিয়ে ধৈর্যের সাথে দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুস্থ শরীর গঠনে নিয়মিত খেলাধুলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করার অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আলী নেওয়াজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মও. মো. মুজিব উদ্দিন, মো. আলী ছিদ্দিকী, মও. মো. আশরাফ হোসাইন, মও. মো. নছিম উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মো. সিরাজ উদ্দিন, দিদারুল আলম প্রমূখ। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে মাদ্রাসার সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

















