বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

214

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

Advertisement

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

হাসাঁড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, বিকল হওয়া একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে শরিয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের বাসটি ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তারা হলেন হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরিফ (২৩) ও অজ্ঞাত এক নারী মারা গেছে। বাকি আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দুজন নিহত রয়েছে। আহত ১৮ জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement