ফৌজদারহাটে লরীর নিচে প্রাইভেটকার চাপা পড়েও বেঁচে গেলো ৫ জন

527

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি লরীর নিচে চাপা পড়ে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে প্রাইভেট কারে থাকা পাঁচজন।

Advertisement

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুজন জানান, সকালে ঢাকামূখী একটি লম্বা লরী হঠাৎ করে একইমূখী একটি প্রাইভেট কারের উপর উল্টে পড়ে। এসময় কার চালকসহ ৫ যাত্রী লরীর নিচে চাপা পড়ে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন সবাই।

খবর পেয়ে পুলিশ, কুমিরা ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেকার এবং ক্রেনের সহায়তায় লরিটিকে সরাতে সক্ষম হই। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় চাপা পড়া লরিটিকে সরিয়ে প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সামান্য আহত হলেও বাকিরা অক্ষত ছিল। পাঁচ যাত্রীর মধ্যে একটি ছোট বাচ্চাও ছিল।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আমিরুল জানান, চট্টগ্রাম বিমান বন্দর থেকে দুই শিশুসহ চারজন যাত্রী নিয়ে প্রাইভেট কারটি ফৌজদারহাট বন্দর সড়ক দিয়ে ইউটার্ন করে শহরের দিকে যাওয়ার পথে কারটি আবার ক্যাডেট কলেজের সামনে ইউটার্ণ করে উত্তরমুখী যাওয়ার সময় লরটি প্রাইভেটকারের উপর পড়ে। ৪ যাত্রীর বাড়ি ফটিকছড়িতে। তবে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Advertisement