সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেছেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।
আজ ১৯ নভেম্বর রোববার বিকেলে শঙ্কর মঠের বার্ষিক অনুষ্ঠানের ৪র্থ দিনে ‘জগৎগুরু আচার্যশঙ্কর ও অদৈত বেদান্তদর্শন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, কর্মকর্তা অধ্যাপক অঞ্জন দাশ, অধ্যাপক বনগোপাল চৌধুরী, মাস্টার অজিত কুমার শীল, বাসুদেব দাশ, সুলাল চৌধুরী, সমীর পাল, প্রদীপ মহাজন জহর, দিলীপ শীল, অজিত কুমার শীল, মিন্টু পাল লিটু ও মঠের সাধু-সন্তুরা প্রমূখ।
সকালে ভগবান আচার্য শঙ্করের বিশেষ পূজা ও ভোগরাগ অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে মঠ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠান শুরু হয়।

















