সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের টোবাকো গেট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকের সামনের অংশ জ্বলে যায়।
জানা যায়, স্থানীয় জামাল উদ্দিনের মালিকানাধীন ট্রাকটি রাত ৯টার সময় টোবাকো গেট এলাকায় মহাসড়কের পাশে গ্যারেজের সামনে রাখা হয়। রাত সাড়ে তিনটার সময় ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন নাইটগার্ড রুবেল।
তিনি বলেন, আমার ডিউটি ছিল গ্যারেজে, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ দেখি ট্রাকে আগুন জ্বলছে। তবে এসম কাউকে দেখা যাযনি। আগুন কিভাবে লেগেছে বুঝতে পারিনি। তখন আমি কয়েকজনকে ডেকে নিয়ে আগুন নেভাতে এগিয়ে আসি।
গাড়ির মালিক জামাল সওদাগর বলেন, রাত সাড়ে চারটার সময় আমাকে একজনে ফোনে জানান আগুন লাগার বিষয়টি। আমি এসে দেখি ট্রাকের সামনের অংশ একেবারে পুড়ে গেছে। তবে আগুন কিভাবে লেগেছে তা বুঝতে পারছিনা।
সকালে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দাঁড়ানো একটি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। মালিকের পক্ষ থেকেও কোন অভিযোগ করেননি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

















