চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে তিন বছর আগে নিয়োগ পেয়ে দৃশ্যমান তেমন কিছু করতে না পারলেও আরও তিন বছরের জন্য এম জহিরুল আলম দোভাষের ওপরেই আস্থা রেখেছে সরকার। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি দোভাষ এর আগে ২০১৯ সালের ৩ মার্চ চুক্তিভিত্তিক তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তিন বছরের মেয়াদ বৃদ্ধির একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. আলিউর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৭ (১) এবং ৭৯২) অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োজিত জনাব এম জহিরুল আলম দোভাষকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ২৪ এপ্রিল ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জানে আলম দোভাষের জ্যেষ্ঠ সন্তান জহিরুল আলম দোভাষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে চার মেয়াদে কাউন্সিলর ছিলেন (১৯৯৪-২০১৫)। সর্বশেষ ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিয়ে পরাজিত হন তিনি। এছাড়াও তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে সিডিএ’র বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করেছেন একাধিকবার।
এর আগে ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএর চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছিলেন আবদুচ ছালাম। তিনিই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তি। ব্যবসায়ী আবদুচ ছালাম ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ২০০৬ সাল থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে আছেন তিনি।

















