সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যে এবং বদলীর দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা দলিল লেখক সমিতি।
শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন এবং গত বুধবার থেকে দলিল লেখকরা অনধিষ্টকালের জন্য কলম বিরতি শুরু করে।
সংবাদ সম্মলনে উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারী আলহাজ্ব সাইফুল্লাহ কামাল লিখিত বক্তব্যে বলেন, উপজেলা সাব-রেজিষ্টার রায়হান হাবীব রেজিষ্ট্রি অফিসে যোগদানের পর থেকে জনগণের উপর বিভিন্ন অজুহাত তুলে ঘুষ বাণিজ্যের নীল নকশা তৈরী করেন। তিনি দলিল লেখকগণকে প্রত্যেকটি দলিল রেজিষ্ট্রির জন্য ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবী করেন। সে দাম্ভিকতার সহিত বলেন, আমি ছাত্রলীগের ক্যাডার ছিলাম এবং ৮০ লাখ টাকা ঘুষ নিয়ে এসেছি। সর্বশেষ গত ৭ অক্টোবর দলিল লেখক মোঃ হারুন অর রশিদ তার হেনেস্তার শিকার হন। ঐদিন হারুন ওয়ারিশ সূত্রে দলিল রেজিষ্ট্রি করতে গেলে সাব-রেজিষ্টার ঘুষ দাবী করে। এতে সে ঘুষ দিতে অপারগতা করলে তিনি ও অফিস কর্মকর্তা টিসি মোহরার শহীদুল্লাহ তার লাইসেন্স বাতিলের হুমকি দেন। তাই আমরা গত ২১ অক্টোবর থেকে তার অপসারণ চেয়ে কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন পালন করি এবং কলম বিরতি শুরু করি।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, সদস্য বেলাল আহমেদ, ফারুক হোসেন, সাখাওয়াত হোসেন সাহেদ, মোস্তাফিজুল হাকিম,জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ সুজন, নিপুন কুমার সেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

















