সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ছোট দারোগারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ ইমরুল হক (৪৮) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রোববার ( ১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার ছোটদারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা। সে খাগড়াছড়ি জেলার ইসলামপুর গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরুল মোটরসাইকেল যোগে সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ওসি আবদুল হাকিম বলেন, মোটর সাইকেল আরোহী মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পিছন থেকে একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

















