চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ দরবার শরীফ স্বেচ্ছাসেবক সংগঠনের সাবেক সভাপতি, দরবারের রুহানি সন্তান ও একনিষ্ঠ আশেক সৈয়দ মিয়া সহিদ (৬০) গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে নগরীর মেদেীবাগস্থ বেসরকারী ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
ঐদিন বেলা ১২টার দিকে সে নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিক্সার ধাক্কায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় তাকে মুমুর্ষ অবস্থায় নগরীর মেহেদীবাগস্থ বেসরকারী ন্যাশনাল হাসপাতালে নিয়ে আইসিইউ বেডে ভর্তি করা হয়। একই দিন বিকেল ৫ টা ৪৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশ ঘাতক সিএনজি অটোরিক্সাটি আটক করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় মরহুমের জানাজার নামাজ চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। শেষে চরণদ্বীপস্থ সামাজিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।
এদিকে সৈয়দ মিয়া সহিদের অকাল মৃত্যুতে চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.), নায়েব-এ মুন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.) গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
















