চবিতে আগামীকাল চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা উদ্বোধন

313

আগামীকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫ । চট্টগ্রামের সকল গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাকর্ম ও উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এটি দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। মেলার সার্বিক সহযোগিতায় আছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)।

Advertisement

গবেষণা মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের ভেতরে ও বাইরে প্রায় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভাগ, গবেষণাগার ও গবেষণা ইনস্টিটিউট অংশগ্রহণ করছে। প্রায় ১২০ এর অধিক স্টলে তাদের গবেষণাকর্ম ও বিগত বছরের গবেষণায় অবদান সমূহ তুলে ধরবেন। এ আয়োজনের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের প্রচার-প্রসার, শিক্ষার্থী ও গবেষকদের গবেষণার প্রতি আগ্রহী এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরা হবে।

মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ৪৭টি বিভাগ অংশগ্রহণ করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪টি ল্যাবরেটরি ও গবেষণা ইনস্টিটিউট অংশগ্রহণ করছে‌। আরো অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিভাগের ১৫টি গবেষণা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম , নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গবেষণা ল্যাবরেটরি এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি এতে অংশ নিচ্ছে। গবেষণা মেলায় প্রথমবারের মতো আয়োজিত “ক্ষুদে গবেষক” পর্বে অংশগ্রহণ করছে চট্টগ্রামের স্কুলসমূহ। ফ্রোবেল একাডেমি, ফুলকি এবং লিডার’স স্কুল ও কলেজের ক্ষুদে গবেষকদল তাদের গবেষণাকর্ম উপস্থাপনা করবেন এ মেলায়।

গবেষণা ও উদ্ভাবন মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গবেষণা মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর ট্রাস্টি এম নুরুল আলম এবং জামাল নজরুল গবেষণা কেন্দ্র পরিচালনা পরিষদের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী।

মঞ্চে “হাইলাইটেড রিসার্চ টক” অধিবেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকগণ তাঁদের উদ্ভাবন ও গবেষণা উপস্থাপন করবেন। এর মধ্যে রয়েছে অধ্যাপক এস এম আবে কাউসার, অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নাসরুল্লাহ, অধ্যাপক ড. লুলু ওয়াল মারজান, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. সাবিনা নার্গিস লিপি, অধ্যাপক ড. এস এম সোহরাব উদ্দিন। “প্রাতিষ্ঠানিক আলোচনা: সম্ভাবনাময় গবেষণা” শীর্ষক সেশনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, চুয়েট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি (ক্রিকস) এর গবেষণা কার্যক্রম উপস্থাপন করা হবে।

গবেষণা মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শিশু-কিশোরদের রোবট-শো ও বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবনা পরিবেশনা। উক্ত আয়োজনে “জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা” এর উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন এবং বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তারিক আরাফাত। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুগলের সেরা বিজ্ঞানী পদকপ্রাপ্ত গবেষক ও যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইয়াসির খান।

অনুষ্ঠানের শেষে “জামাল নজরুল ইসলাম গবেষণা অ্যাওয়ার্ড” বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিজয়ীদের নাম ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং পুরস্কার বিতরণ করবেন উপাচার্য, উপ-উপাচার্য (একাডেমিক) ও উপ-উপাচার্য (প্রশাসন)। এ বছর আরো থাকবে “রিসার্চ অ্যান্ড ইনোভেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড”, যেখানে সেরা গবেষক সম্মাননা, উদীয়মান গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক অ্যাওয়ার্ড, সেরা গবেষণা প্রকল্প, সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর গবেষণা, সেরা গবেষণা শিক্ষার্থী, সেরা বই প্রকাশনা এবং সেরা উদ্ভাবন-সহ মোট আটটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে।

উল্লেখ্য, “জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫” দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এ আয়োজনের মূল দায়িত্ব পালন করছে।

Advertisement