সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় মুসলিম উদ্দিন (৪০) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির পাশে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত মুসলিম উদ্দিনের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মেম্বার বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল মুসলিম উদ্দিন। ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

















