ওয়ার্ল্ড ভিশন’র কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম কর্তৃক পরিবেশ দূষণ সচেতনতায় প্রচার অভিযান

99

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ‘পরিচ্ছন্নতা অবলম্বন করব, পরিবেশ দূষণ দূর করব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ দূষণ সচেতনতায় প্রচার অভিযান ও তথ্য প্রদর্শনীমূলক অনুষ্ঠান ৬ মে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক’র জেলা সমন্বয়ক এনামুল হক, কারিতাস বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার শিপু গোমেজ ও ব্রাইট বাংলাদেশ ফোরাম’র প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া।

চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরাম, ইউএনডিপি ও স্থানীয় স্কুল ব্রিগেডের ৮টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ পরিবেশ দূষণবিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান ও তথ্য প্রদর্শনীমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৮টি স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্টল স্থাপন করে পরিবেশ সংরক্ষণে তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করেন। প্রতিটি স্টলে বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার ও কার্বন নিঃসরণ হ্রাসে তাদের কার্যক্রম উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো-প্লাস্টিক সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। এর মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, স্থানীয় অংশীদারের প্লাস্টিক সংগ্রহ ও পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের বার্তা দেন। এই ধরনের সচেতনতা কার্যক্রম আগামীতে ওয়ার্ড ও পাড়া-মহল্লা পর্যায়েও সম্প্রসারিত হবে বলে আয়োজকরা জানান। শেষে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদেও উদ্ভাবনী কার্যক্রম অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য বলেন, পরিবেশদূষণ বর্তমানে আমাদের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় করে তুলতে না পারলে আগামী প্রজন্মকে একটি বিপর্যস্ত পৃথিবী উপহার দিতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনার অভাবেই নগরজীবন দিন দিন অস্বাস্থ্যকর হয়ে উঠছে। রিসাইকেল ও সচেতনতার মাধ্যমে এটি মোকাবেলা সম্ভব।

Advertisement