নগ্ন ছবি দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

494

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামে এই যুবককে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর কুমিল্লার চান্দিনার মহনপুর গ্রামের মো. ওয়াহিদের ছেলে।

Advertisement

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মেয়েটি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। তার বাবা ফল বিক্রেতা। মা পোশাক কর্মী। মা-বাবা কাজে চলে গেলে বাসায় মেয়েটি একা থাকত। বিভিন্ন সময়ে মেয়েটিকে উত্ত্যক্ত করত জাহাঙ্গীর। মেয়েটি তা এড়িয়ে চলত। গত মার্চে জাহাঙ্গীর মেয়েটির বাসায় যায়। এ সময় মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে কিছু নগ্ন ছবি দেখায় জাহাঙ্গীর, যা মেয়েটির মুখ বসিয়ে এডিট করা হয়েছিল।

ওসি মহসিন আরও জানান, ছবিগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে জাহাঙ্গীর। পরের মাসে একই ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে। এর পরও দুই দফা মেয়েটির বাসায় আসে জাহাঙ্গীর। এক সময় জাহাঙ্গীরের মুখে মরিচের গুঁড়া দিয়ে আত্মরক্ষা করে মেয়েটি। তবে বিষয়টি মা-বাবার কাছে গোপন রেখেছিল সে।

এরপর গত সোমবার রাতে ৯৯৯ ফোন পেয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছেন।

Advertisement