হাটহাজারী প্রতিনিধি: বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও দক্ষিণ এশিয়ার রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ জাতীয় মা মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি ওজনের একটি কাতাল মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপনে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মোজাফফরপুর এলাকার হালদা নদীর অংশে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এই অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় শিকারীকে আটক করা যায় নি। তবে হালদায় মাছ শিকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, শিকারীসহ মাছ উদ্ধার করার জন্য হালদায় প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ১৫ কেজি ওজনের একটি কাতাল মাছ উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ সেন্টারে প্রেরণ করা হয়েছে।
















