ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উদযাপন

530

সীতাকুণ্ড প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ড উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

Advertisement

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড উপজেলা চত্বর ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন। এ ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সীতাকুণ্ড মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষিবিদ ইনস্টিটিউট, সীতাকুণ্ড প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সকাল সাড়ে আটটার সময় সীতাকুণ্ড প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।

দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার সরকারি সকল কর্মকর্তাবৃন্দ।

এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

Advertisement