এম ওসমান গনি, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ওরশে যোগ দিতে নৌকাযোগে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় সাব্বির (২১) নামে এক যুবক হালদা নদীতে নিখোঁজ হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামদাস মুন্সিরহাট খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সাব্বির পাশের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম এলাকার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে সাব্বির তার ৮-১০ জন বন্ধুকে নিয়ে মাদার্শা ইউনিয়নে আয়োজিত হযরত আবদুল করিম শাহ (রা.) এর বার্ষিক ওরশ শরীফে যোগ দিতে নৌকায় রওনা হন। নৌকাটি রামদাশ মুন্সির হাট খেয়াঘাটে পৌঁছালে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি অতর্কিত হামলা চালায়।
হামলার মুখে নৌকার যাত্রীরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। সাব্বিরের এক বন্ধু জানান, অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির আর ভেসে উঠেননি। ঘটনার পরপরই হাটহাজারী মডেল থানা পুলিশ, রামদাশহাট নৌ-পুলিশ ক্যাম্প ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জেলা সদর থেকে আসা ছয় সদস্যের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিখোঁজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সাব্বিরের বড় ভাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তার বাবা আবদুল মান্নান ছেলের সন্ধান চেয়ে দোষীদের কঠোর শাস্তির আহ্বান জানান। এদিকে হাটহাজারী মডেল থানা পুলিশ জানান, উদ্ধার কার্যক্রম চলমান থাকলেও এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্ব থেকে এ হামলার সূত্রপাত হতে পারে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

















